মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীকে সুবিধা প্রদানকারী প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে ইরান পাল্টা আঘাত হানার অধিকার রাখে বলে তেহরান মনে করছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা একজন রাজনৈতিক বিশ্লেষকের বরাতে এই তথ্য জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, ইরান তাদের ওপর হওয়া যেকোনো মার্কিন হামলাকে প্রতিবেশী দেশগুলোর আকাশসীমা ও ভূখণ্ড থেকে পরিচালিত হিসেবে বিবেচনা করে। আর এই কারণেই তেহরান ওই রাষ্ট্রগুলোর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অধিকার রয়েছে বলে বিশ্বাস করে।

লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ‘আমওয়াজ ডট মিডিয়া’-এর সম্পাদক মোহাম্মদ আলী শাবানি এ বিষয়ে জানান, ইরান পুরো বিষয়টিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যুদ্ধ হিসেবে দেখছে। তাই যে দেশই ইরানের ওপর হামলার জন্য নিজেদের আকাশসীমা, মাটি বা সামরিক সুবিধা প্রদান করবে, তাদের বিরুদ্ধে ইরান প্রতিশোধ নেওয়া অব্যাহত রাখবে।

মোহাম্মদ আলী শাবানি আরও জানান, ভৌগোলিক নৈকট্যের কারণে উপসাগরীয় দেশগুলো মূলত ইরানের সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। এছাড়া ইরানের ওপর চাপিয়ে দেওয়া মার্কিন-ইসরায়েলি যুদ্ধের অবসান চায় এই আরব দেশগুলো। নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ থেকেই উপসাগরীয় দেশগুলোর মধ্যে ইরানের সঙ্গে এক ধরনের আলোচনা বা কূটনৈতিক যোগাযোগ বজায় রাখার প্রেরণা কাজ করছে।