দেশের একক বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’ গঠনের লক্ষ্যে ইনভেস্ট বাংলাদেশ বিল, ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে। বুধবার (১৫ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি সংসদে উত্থাপন করেন এবং পরে তা কণ্ঠভোটে পাস হয়।
নতুন এই আইনের মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারত্ব কর্তৃপক্ষ (পিপিপি কর্তৃপক্ষ) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) বিলুপ্ত করা হবে। এর পরিবর্তে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ নামে একটি একক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান গঠিত হবে।
বিলটি পাসের সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বিভিন্ন আইনে প্রতিষ্ঠিত সংস্থাগুলোর কার্যক্রমে সময়ের সঙ্গে ব্যাপক ওভারল্যাপ তৈরি হয়েছে। একই ধরনের দায়িত্ব পালন করায় বিনিয়োগকারীরা প্রকৃত অর্থে ‘ওয়ান-উইন্ডো’ সেবা পাচ্ছিলেন না। তিনি আরও বলেন, এটি সম্পূর্ণ নতুন কোনো আইন নয়, বরং বিদ্যমান আইনি কাঠামোকে একীভূত করা হচ্ছে। সরকার এই আইনের মাধ্যমে কাজের মধ্যে সমন্বয়হীনতা ও পুনরাবৃত্তি দূর করার উদ্যোগ নিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কার্যপ্রণালি সংক্রান্ত বিধি শিথিল করায় সদস্যরা মৌখিকভাবে সংশোধনী প্রস্তাব দিতে পারবেন। সংসদ সদস্যদের যৌক্তিক কোনো সংশোধনী থাকলে তা ভবিষ্যতে বিবেচনা করা হবে এবং প্রয়োজন হলে পরবর্তী অধিবেশনে আইনে অন্তর্ভুক্ত করা হবে। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মন্ত্রীর এই আশ্বাসকে স্বাগত জানিয়েছেন।
নতুন আইন অনুযায়ী, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ, বিভিন্ন সরকারি সংস্থার অনুমোদন প্রক্রিয়ায় সমন্বয়, বিনিয়োগ প্রণোদনা অনুমোদন এবং শিল্পাঞ্চল ও পিপিপি প্রকল্প ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে। এছাড়া বিনিয়োগ-সংক্রান্ত অনুমোদন, লাইসেন্স ও পারমিটের জন্য একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম গঠনের বিধান রাখা হয়েছে, যেখানে সব সরকারি সংস্থার অংশগ্রহণ বাধ্যতামূলক হবে। বিদ্যমান ওয়ান-স্টপ সার্ভিস প্ল্যাটফর্মগুলো পর্যায়ক্রমে এই নতুন প্ল্যাটফর্মে একীভূত করা হবে।
এই কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হবেন প্রধানমন্ত্রী অথবা তার মনোনীত প্রতিনিধি। পর্ষদে অর্থ, জ্বালানি, পররাষ্ট্র, ভূমি, শিল্প, বাণিজ্য ও আইনবিষয়ক মন্ত্রীরা সদস্য হিসেবে থাকবেন। এছাড়া ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং বেসরকারি খাতের চারজন প্রতিনিধি—যাদের মধ্যে দুজন নারী থাকবেন—পর্ষদে অন্তর্ভুক্ত হবেন।
আইনটি কার্যকর হওয়ার পর বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন ২০১০, বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারত্ব আইন ২০১৫, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০১৬ এবং ওয়ান স্টপ সার্ভিস আইন ২০১৮ বাতিল বলে গণ্য হবে। বিলুপ্ত সংস্থাগুলোর সব সম্পদ, দায়, চুক্তি এবং জনবল নতুন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের অধীনে ন্যস্ত হবে।