ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিদায়ের পর যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা স্টেডিয়ামের বাইরে ইংল্যান্ড ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ম্যাচ শেষে স্টেডিয়ামের বাইরে উত্তেজনা ছড়িয়ে পড়লে সশস্ত্র পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এ সময় তারা একাধিক সমর্থককে আটক করে।
একটি বৃটিশ ট্যাবলয়েড পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, স্টেডিয়ামের বাইরে রাস্তায় দুই দলের অন্তত দু’জন সমর্থক হাতাহাতিতে জড়িয়ে পড়েন। লিওনেল মেসিদের ২-১ গোলের নাটকীয় জয়ের পর কয়েকজন আর্জেন্টাইন সমর্থককে পুলিশের মুখোমুখি হতেও দেখা গেছে। এছাড়া থ্রি লায়ন্সের জার্সি পরিহিত ইংল্যান্ডের কয়েকজন সমর্থককে হাতকড়া পরা অবস্থায় নিয়ে যাওয়ার দৃশ্যও ক্যামেরাবন্দি হয়েছে। জর্জিয়ার আটলান্টা স্টেডিয়ামের আশপাশে এ ধরণের একাধিক সংঘর্ষের ছবি প্রকাশিত হয়েছে। কেবল আটলান্টা নয়, বার্মিংহাম থেকে শুরু করে নিউইয়র্ক সিটি পর্যন্ত বিভিন্ন স্থানে দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা, হাতাহাতি এবং গ্রেপ্তারের খবর পাওয়া গেছে।
এদিকে ম্যাচ শেষে আর্জেন্টিনার খেলোয়াড় ও সমর্থকদের একটি বিতর্কিত ব্যানার প্রদর্শন করতে দেখা গেছে। ব্যানারটিতে ‘লাস মালভিনাস সন আর্জেন্তিনাস’ বা ‘মালভিনাস আর্জেন্টিনার’ লেখা ছিল। এটি ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে আর্জেন্টিনার দাবির প্রতীক হিসেবে পরিচিত। উল্লেখ্য যে, ফকল্যান্ড দ্বীপপুঞ্জের বাসিন্দারা অতীতে গণভোটের মাধ্যমে বৃটিশ ওভারসিজ টেরিটরি হিসেবেই থাকার পক্ষে রায় দিয়েছিলেন।