ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির নবীন পুলিশ কর্মকর্তাদের সততা, নিষ্ঠা, স্বচ্ছতা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪২তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই)-২০২৫ ব্যাচের ৫০০ জন প্রশিক্ষণার্থীর মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের পবিত্র দায়িত্ব। তিনি নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, পুলিশকে জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে এবং প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে। গণতান্ত্রিক পুলিশ ব্যবস্থার মূলভিত্তি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি অপরাধ দমনে কঠোর হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে মানবিক ও বন্ধুসুলভ আচরণ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
পুলিশ সদস্যদের হয়রানি রোধে সর্বদা সজাগ থাকার নির্দেশ দিয়ে আইজিপি বলেন, দ্রুত পরিবর্তনশীল অপরাধপ্রবণতা মোকাবিলায় প্রযুক্তিগত দক্ষতা অর্জন জরুরি। বিশেষ করে সাইবার অপরাধ, অনলাইন জুয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর মতো প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল ফরেনসিক বিষয়ে দক্ষ হওয়ার পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে তিনি নবীন কর্মকর্তাদের অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ‘আমার পুলিশ, আমার দেশ; সবার আগে বাংলাদেশ’—এই আদর্শকে ধারণ করে দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জানান। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমির অধ্যক্ষ জি এম আজিজুর রহমান, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ, প্যারেড কমান্ডার সহকারী পুলিশ সুপার শুভ কুমার ঘোষসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক-বেসামরিক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন এবং কৃতিত্ব অর্জনকারী শ্রেষ্ঠ এসআইদের হাতে পুরস্কার তুলে দেন।