রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪২তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই)-২০২৫ ব্যাচের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ মহা পরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, পুলিশকে সর্বদা জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্বের সমন্বয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করাই হবে নবীন কর্মকর্তাদের মূল লক্ষ্য।
আইজিপি নবীন কর্মকর্তাদের স্মরণ করিয়ে দেন যে, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের পবিত্র দায়িত্ব। তিনি কর্মকর্তাদের ভয়-ভীতি ও যেকোনো প্রলোভনের ঊর্ধ্বে থেকে সততা, নিষ্ঠা এবং স্বচ্ছতার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। কোনো নাগরিক যেন সেবা নিতে এসে হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সজাগ থাকারও পরামর্শ দেন তিনি।
বর্তমান সময়ের দ্রুত পরিবর্তনশীল অপরাধ প্রবণতা, বিশেষ করে সাইবার অপরাধ মোকাবিলায় প্রযুক্তিগত দক্ষতা অর্জনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন পুলিশ প্রধান। তিনি নবীন কর্মকর্তাদের ‘আমার পুলিশ, আমার দেশ; সবার আগে বাংলাদেশ’—এই আদর্শকে ধারণ করে দেশ সেবার ব্রতে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ জি এম আজিজুর রহমান উপস্থিত ছিলেন। প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার শুভ কুমার ঘোষ। এছাড়াও অনুষ্ঠানে রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক কর্মকর্তারা, বীর মুক্তিযোদ্ধাগণ, প্রশিক্ষণপ্রাপ্ত এসআইদের অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন এবং প্রশিক্ষণে কৃতিত্ব অর্জনকারী শ্রেষ্ঠ এসআইদের হাতে পুরস্কার তুলে দেন।