নেপালের রাজধানী কাঠমান্ডুতে আগামী ৯ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘তৃতীয় আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন-২০২৬’। নেপাল আদিবাসী উপজাতি সাংবাদিক ফেডারেশন (ফোনিজ)-এর আয়োজনে এবং নয়া ন্যাশনাল ফোরাম অব জার্নালিস্টস ও সার্ক জার্নালিস্ট ফোরামের সমন্বয়ে চার দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সম্প্রতি কাঠমান্ডুর নয়াবাজারে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় সম্মেলনের প্রাথমিক পরিকল্পনা ও কর্মসূচি ঘোষণা করা হয়। সভায় ফোনিজের সাধারণ সম্পাদক সমীর বলামী সম্মেলনের বিস্তারিত কার্যপরিকল্পনা তুলে ধরেন। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, এবারের সম্মেলনে বিশ্বের প্রায় ৪০টি দেশের মাতৃভাষাভিত্তিক সাংবাদিকতার সঙ্গে যুক্ত সাংবাদিক, গণমাধ্যমকর্মী এবং গবেষকরা অংশগ্রহণ করবেন।
চার দিনব্যাপী এই আয়োজনে প্যানেল আলোচনা, গবেষণাপত্র উপস্থাপন এবং কার্যপত্র উপস্থাপনের মতো বিভিন্ন সেশন রাখা হয়েছে। এতে বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা অংশ নেবেন। এছাড়া অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রারও পরিকল্পনা রয়েছে।
সম্মেলনের বিভিন্ন অধিবেশনে বৈশ্বিক প্রেক্ষাপটে মাতৃভাষা সাংবাদিকতার বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আয়োজকদের ভাষ্যমতে, এই সম্মেলনের মূল লক্ষ্য হলো মাতৃভাষা সাংবাদিকতার বিকাশ ঘটিয়ে একে আরও পেশাদার রূপ দেওয়া। পাশাপাশি সরকারি নীতিতে মাতৃভাষা সাংবাদিকতার গুরুত্ব প্রতিষ্ঠা করা এবং বিশ্বমঞ্চে নেপালের মাতৃভাষা সাংবাদিকতার সাফল্য তুলে ধরার লক্ষ্য রয়েছে তাদের। আয়োজকরা আশা প্রকাশ করেছেন যে, এই উদ্যোগের মাধ্যমে ভাষা, লিপি, সংস্কৃতি, ঐতিহ্য এবং সম্পদ সংরক্ষণ ও গবেষণার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে।