রাজধানীর স্বামীবাগে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) আয়োজিত রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে এই অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় প্রচণ্ড গরমের কারণে তিনি হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব করেন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, বক্তব্যের শেষ পর্যায়ে অসুস্থবোধ করলে তিনি দ্রুত বক্তব্য সংক্ষেপ করেন। এ সময় তিনি দেশবাসীকে শান্তি বজায় রাখার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে তাকে দ্রুত বাসায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। বিএনপি মহাসচিবের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।