ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় মঞ্চে এবারই প্রথম বিজয়ীদের জন্য চালু করা হচ্ছে ‘চ্যাম্পিয়নশিপ রিং’। এতদিন বিশ্বকাপ জয়ের স্মৃতি কেবল সোনালি ট্রফি আর গলার পদকেই সীমাবদ্ধ ছিল, তবে এবার সেই গৌরব যুক্ত হচ্ছে আঙুলেও। ফিফা জানিয়েছে, উত্তর আমেরিকায় আয়োজিত এই বিশ্বকাপের মাধ্যমে ফুটবলে প্রথমবারের মতো এই বিশেষ সম্মাননা প্রথা যুক্ত হচ্ছে। যুক্তরাষ্ট্রের এনবিএ, এনএফএল কিংবা এমএলবির মতো জনপ্রিয় লিগগুলোতে চ্যাম্পিয়নশিপ রিংয়ের যে দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে, সেই আদলেই এটি তৈরি করা হয়েছে।

ফিফার ওয়েবসাইট অনুযায়ী, বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে মোট ২ হাজার ২৬টি রিং তৈরি করা হবে। এর মধ্যে মাত্র ৩০টি রিং সংরক্ষিত থাকবে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের জন্য। বাকি ১ হাজার ৯৯৬টি রিং অফিশিয়াল লাইসেন্সপ্রাপ্ত পণ্য হিসেবে বিশ্বজুড়ে সমর্থকদের জন্য বাজারে আনা হবে। প্রতিটি রিংয়ের এক পাশে থাকবে বিশ্বকাপ ট্রফির নকশা এবং অন্য পাশে থাকবে বিজয়ী দলের পরিচয়, রং ও প্রতীক। বিজয়ী দলের সদস্যদের জন্য তৈরি প্রতিটি রিং আলাদা সিরিয়াল নম্বরযুক্ত হবে এবং আঙুলের মাপ অনুযায়ী তৈরির পাশাপাশি সেগুলোর সাথে সত্যায়নপত্র বা সার্টিফিকেট অব অথেনটিসিটি দেওয়া হবে।

পুরস্কার বিতরণী প্রক্রিয়ার অংশ হিসেবে ফাইনাল শেষে মঞ্চেই বিজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচকে স্মারক হিসেবে অস্থায়ী রিং দেওয়া হবে। পরবর্তীতে খেলোয়াড় ও স্টাফদের সঠিক মাপ অনুযায়ী ৩০টি রিং তৈরি করে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে তুলে দেওয়া হবে। এবারের ফাইনালে আর্জেন্টিনা তাদের চতুর্থ শিরোপার লক্ষ্যে এবং স্পেন দ্বিতীয় শিরোপার লড়াইয়ে নামছে। যে দলই জয়ী হোক না কেন, ট্রফি ও স্বর্ণপদকের পাশাপাশি তারাই হবে বিশ্বকাপ ইতিহাসের প্রথম দল, যাদের আঙুলে উঠবে ফিফার এই নতুন চ্যাম্পিয়নশিপ রিং।