সিরিয়ার আল-তানফ অঞ্চলে অবস্থিত মার্কিন বিশেষ অভিযান পরিচালনা কেন্দ্র লক্ষ্য করে আকস্মিক হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শুক্রবার (১৭ জুলাই) সংগঠনটির পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ইরানশাহর এলাকায় নিহত সেনাদের হত্যার প্রতিশোধ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে আইআরজিসি দাবি করেছে।
আইআরজিসির জনসংযোগ বিভাগ ‘অপারেশন নাসর-২’-এর ১৯ নম্বর বিবৃতিতে এই হামলার বিস্তারিত তথ্য তুলে ধরেছে। এতে জানানো হয়, মার্কিন সেনাবাহিনীর নৃশংসতার জবাবে আইআরজিসির মহাকাশ বাহিনীর যোদ্ধারা ‘অপারেশন নাসর-২’-এর ১১তম ধাপে ‘আবু আবদুল্লাহ আল-হুসেইন (আ.)’ কোড নামে এই অভিযানটি পরিচালনা করেন। ইরানশাহরের বাম্পুরে নিহত সেনাদের প্রতি উৎসর্গ করে এই হামলা চালানো হয়।
সংগঠনটি দাবি করেছে, এই হামলায় শত্রুপক্ষের একটি রাডার ব্যবস্থা এবং বেশ কয়েকটি বিশেষ অভিযান হেলিকপ্টার ধ্বংস হয়েছে। এছাড়া ইরানশাহরের নিহত সেনাদের হত্যার প্রতিশোধ হিসেবে বিপুলসংখ্যক মার্কিন সেনা এই হামলায় নিহত হয়েছে বলেও আইআরজিসি দাবি করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ এখনো তাদের যোদ্ধাদের হাতে রয়েছে। যতদিন মার্কিন নৃশংসতা অব্যাহত থাকবে, ততদিন ওই অঞ্চল দিয়ে তেল ও গ্যাস রপ্তানি বন্ধ থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি।