ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে যমুনা নদীতে আত্মহত্যার উদ্দেশ্যে নিজের প্রেমিকাকে নিয়ে সেতুতে গিয়েছিলেন এক যুবক। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-এর প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রয়াগরাজের নতুন যমুনা সেতুতে এই ঘটনা ঘটে। নদীতে ঝাঁপ দেওয়া ওই যুবকের নাম অনু গুপ্তা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তরুণ-তরুণীকে একসঙ্গে সেতুতে আসতে দেখা গিয়েছিল এবং তাদের আচরণ দেখে আত্মহত্যার আশঙ্কা তৈরি হয়েছিল। একপর্যায়ে অনু গুপ্তা হঠাৎ করেই নদীতে ঝাঁপ দেন। তবে তার সঙ্গে থাকা তরুণী তাকে উদ্ধারের কোনো চেষ্টা না করেই দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয় দক্ষ ডুবুরিরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। রুদ্ধশ্বাস অভিযানের একপর্যায়ে অনু গুপ্তাকে জীবিত অবস্থায় নদী থেকে উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং বর্তমানে তিনি সুস্থ ও আশঙ্কামুক্ত রয়েছেন।
আত্মহত্যার চেষ্টার কারণ এবং যুবকটির ঝাঁপ দেওয়ার পর তরুণীর পালিয়ে যাওয়ার কারণ খতিয়ে দেখছে পুলিশ। একই সঙ্গে নিখোঁজ ওই তরুণীর সন্ধানেও তল্লাশি চলছে। তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।