জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নের বিষয়ে বিএনপি অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় তিনি এ কথা বলেন। প্রফেসর এমাজউদ্দিন আহমেদ রিসার্চ সেন্টার ও জাতীয় সাংবাদিক সমিতি যৌথভাবে এই সভার আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, বিরোধী দল থেকে বলা হচ্ছে যে জুলাই সনদের দাবি সংসদে আদায় না হলে রাজপথের ফয়সালা হবে। আমার কাছে মনে হয়, জনগণকে বিভ্রান্ত করার জন্য এ প্রশ্ন তোলা হচ্ছে। আমরা যেসব দল মিলে আন্দোলন করেছি, তাদের সবার স্বাক্ষরেই জুলাই সনদ তৈরি হয়েছে এবং আমরা এটি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, জুলাইয়ের আন্দোলন শুধু এক মাসের আন্দোলন নয়, এটি গত ১৮-১৯ বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে চলা দীর্ঘ লড়াইয়ের ফলশ্রুতি।
গণভোট প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, যে গণভোটের কথা বলা হচ্ছে, তার একটি অংশে বিএনপির সঙ্গে কোনো আলোচনাই হয়নি। তিনি বলেন, উচ্চকক্ষে আনুপাতিক হারে প্রতিনিধিত্বের বিষয়ে বিএনপি কখনোই একমত ছিল না এবং সংস্কার কমিশন বিএনপির সম্মতি ছাড়াই কাজগুলো করেছে। সংবিধানের বিষয়ে তিনি স্পষ্ট করেন যে, বিএনপি সংবিধান সংশোধন করতে চায়, সংস্কার নয়। তিনি বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে এবং দলের ইশতেহার অনুযায়ীই সব কার্যক্রম পরিচালিত হবে।
সংস্কার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এদেশে বিএনপিই বহুদলীয় গণতন্ত্র, সংসদীয় সরকার ব্যবস্থা এবং তত্ত্বাবধায়ক সরকারের বিধান প্রবর্তন করেছিল। বিরোধী দলগুলো কেবল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাই সনদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও উল্লেখ করেন যে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, প্রায় ১৭০০ জন গুম হয়েছেন এবং কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। স্মরণসভায় আরও বক্তব্য রাখেন এমাজউদ্দিন আহমেদ রিসার্চ সেন্টারের আহ্বায়ক অধ্যাপক আবদুল লতিফ মাসুদ, কবি আবদুল হাই শিকদার, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, মোস্তফা কামাল মজুমদার, এম আবদুল্লাহ, অধ্যাপক ওমর ফারুক এবং অধ্যাপক শেখ সাদী।
আমরা ৩১ দফাতে যেমন কমিটেড ঠিক তেমনিভাবে আমরা কমিটেড হচ্ছি জুলাই সনদ বাস্তবায়নে।
জুলাইয়ের আন্দোলন কিন্তু আমরা দীর্ঘকাল ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রায় ১৮/১৯ বছর ধরে যে লড়াই হয়েছে সে লড়াইয়ের ফলশ্রুতি হচ্ছে আমাদের এই ’২৪-এর জুলাইয়ের আন্দোলন।