উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো ৭ম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে পাবনা সদর উপজেলাকে ৩-১ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ঈশ্বরদী উপজেলা। শুক্রবার (১৭ জুলাই) বিকালে আয়োজিত এই জমকালো ফাইনাল ম্যাচটি দেখতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো ফুটবলপ্রেমীর সমাগম ঘটে, যা স্টেডিয়ামটিকে এক উৎসবের মিলনমেলায় পরিণত করে।
টুর্নামেন্টের এই সমাপনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তার উপস্থিতি দর্শকদের মাঝে বাড়তি উদ্দীপনা সৃষ্টি করে। এছাড়া পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পাবনা-২ আসনের সংসদ সদস্য এ.কে.এম. সেলিম রেজা হাবিব, সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. জহুরুল ইসলাম (বিশু), পাবনা জেলা বিএনপির আহ্বায়ক মো. হাবিবুর রহমান (হাবিব) এবং জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার। এছাড়াও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ক্রীড়া সংগঠক ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
পাবনার জেলা প্রশাসক জনাব আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিল জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিস, পাবনা। খেলা শেষে প্রধান অতিথি ও অন্যান্য আমন্ত্রিত অতিথিরা চ্যাম্পিয়ন ঈশ্বরদী উপজেলা দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। পাশাপাশি রানারআপ পাবনা সদর উপজেলা দলকেও সম্মাননা প্রদান করা হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ফাইনালের মধ্য দিয়ে সফলভাবে পর্দা নামল ৭ম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের।