ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইসলামী ছাত্রশিবিরের আয়োজিত ‘লীগ ধর’ নামক ম্যারাথন দৌড় নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খাঁন। শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, এই ম্যারাথনে অংশ নেওয়াদের ৯০ শতাংশ অতীতে আওয়ামী লীগের পেছনেই দৌড়ঝাঁপ করেছে।
রাশেদ খাঁন তার পোস্টে লিখেছেন, বিগত ১৬ বছর ধরে ছাত্রলীগ যে দানব হয়ে উঠেছিল, শিবির যদি গোপনে তাদের সাথে না থেকে শুরু থেকেই তাদের প্রতিহত করত, তবে শেখ হাসিনার ক্ষমতা দীর্ঘস্থায়ী হতো না। তিনি আরও বলেন, শিবিরের এই ম্যারাথনে যারা অংশ নিয়েছে, তাদের ৯০ শতাংশই আগে লীগের অনুসারী ছিল।
বিএনপি নেতা অভিযোগ করেন, জামায়াত-শিবিরের এই ধরনের গুপ্ত কৌশলের কারণেই ফ্যাসিবাদ দীর্ঘায়িত হয়েছে। রাশেদ খাঁনের মতে, গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের পতন না হলে শিবির তাদের কৌশলের অংশ হিসেবে ছাত্রলীগেই থেকে যেত এবং আজকের ম্যারাথনে অংশগ্রহণকারী অনেকেরই তখন লীগের বড় বড় পদে দেখা যেত বলে তিনি মনে করেন।