শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৩টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে হঠাৎ একটি টর্নেডো আঘাত হানে। প্রায় তিন থেকে পাঁচ মিনিট স্থায়ী এই ঘূর্ণিঝড়ের কবলে পড়ে সৈকতে অবস্থানরত পর্যটকদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে পর্যটকদের নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করতে দেখা যায়। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাগরের দিক থেকে ঘূর্ণায়মান বাতাস ধীরে ধীরে বালুচরের দিকে এগিয়ে আসে এবং মুহূর্তের মধ্যেই সুগন্ধা পয়েন্টের একটি অংশে আঘাত করে। ঘূর্ণিঝড়ের তীব্রতায় সৈকতে পর্যটকদের ব্যবহারের জন্য রাখা চেয়ার, ছাতা ও অন্যান্য হালকা সামগ্রী বাতাসে উড়ে যায়। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলম জানান, টর্নেডোর আঘাতে সৈকতের ৫২টি কাঠের চেয়ার ও ৬১টি ছাতা ভেঙে গেছে। এতে সৈকত-সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী সুমন রহমান বলেন, টর্নেডোটি স্বল্প সময় স্থায়ী হলেও এর গতি ছিল অত্যন্ত প্রবল, যার ফলে কয়েক মিনিটের মধ্যেই সৈকতের পরিবেশ এলোমেলো হয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পর্যটকেরা ধীরে ধীরে সৈকতে ফিরে আসেন এবং ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত মালামাল সরিয়ে পরিবেশ স্বাভাবিক করার কাজ শুরু করেন।
কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান জানান, এটি একটি দুর্বল প্রকৃতির টর্নেডো ছিল। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের টর্নেডো স্বল্প সময় স্থায়ী হলেও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এর ঘূর্ণির কবলে পড়লে প্রাণহানির আশঙ্কা থাকে এবং এটি মানুষকে অনেক উঁচুতে তুলে ছুড়ে ফেলতে পারে। তাই এমন পরিস্থিতিতে ঝুঁকি না নিয়ে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন এই আবহাওয়াবিদ।