সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

ঢাকা, ৩০ ডিসেম্বর ২০২৫: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এই বিষয়টি নিশ্চিত করেছেন।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। উন্নত চিকিৎসার জন্য তাকে বেশ কয়েকবার বিদেশে নেওয়ার কথা উঠলেও সরকারের অনুমতি না পাওয়ায় তা সম্ভব হয়নি। তিনি সর্বশেষ গত ১০ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

মৃত্যুকালে তার পাশে ছিলেন তার জ্যেষ্ঠ ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ছেলের বউ ডা. জোবায়দা রহমান, নাতনী জাইমা রহমান, ছোট ছেলের বউ শার্মিলী রহমান সিঁথি, ছোট ভাই শামীম এসকান্দার, ছোট ভাইয়ের স্ত্রী, বড় বোন সেলিনা ইসলাম সহ সকল আত্মীয় স্বজন। এছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সকল চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

মরহুমা বেগম খালেদা জিয়ার নামাজে জানাজার সময়সূচী পরবর্তীতে জানানো হবে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।