বিচারহীনতা, অবহেলা এবং প্রান্তিক মানুষের জীবনের না-বলা নানা গল্প নিয়ে নির্মিত নাটক ‘আদমসুরত’। নাট্যদল তাড়ুয়ার এই দ্বিতীয় প্রযোজনাটি এবার মঞ্চে ফিরছে নতুন চারটি প্রদর্শনীর মাধ্যমে। আগামী ২৩ ও ২৪ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে। দুই দিনব্যাপী এই আয়োজনে প্রতিদিন বিকেল ৪টা ও সন্ধ্যা ৭টায় মোট চারটি প্রদর্শনী মঞ্চস্থ হবে।
নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন বাকার বকুল। নাটকটির প্রেক্ষাপট নিয়ে তিনি বলেন, রাষ্ট্রীয়, সামাজিক ও ব্যক্তিগত জীবনে প্রতিনিয়ত ঘটে চলা নানা অমানবিক ঘটনার প্রতিফলনই এই নাটকের মূল উপজীব্য। এমন অনেক ঘটনা রয়েছে যা লোকচক্ষুর আড়ালে থেকে যায় কিংবা সামনে এলেও বিচার পায় না। এই ভূখণ্ডের মানুষের জীবনের এমনই কিছু বিচ্ছিন্ন ঘটনা ও না-বলা মুহূর্তকে কেন্দ্র করেই নাটকটি নির্মাণ করা হয়েছে। বাকার বকুল আরও জানান, নাটকের প্রতিটি দৃশ্য দর্শকদের মনে এক ধরনের দমবন্ধ করা অনুভূতি তৈরি করবে।
প্রায় ২৫ জন শিল্পী নাটকটিতে অভিনয় করছেন। অভিনয়শিল্পীদের তালিকায় রয়েছেন আহম্মেদ অপু, শাহজাদা সম্রাট চৌধুরী, সুচিত্রা রায়, খায়েরুল আলম হিমু, দিপু রহমান, খালিদ বিন নাসির, এনায়েত মুকুল, সাগর মাহমুদ, ইফতি আহমেদ, আনন্তি হোসেন, কানিজ নুসাইবা সালাম, ফাতেমাতুজ জহুরা মহুয়া, স্বর্ণালী চৈতী, মৃত্তিকা মাটি, রিয়া দেবনাথ, মেজবাউল হাসান অর্ণব, ফারদিন রিয়াদ, রাতুল আহম্মেদ, আবুল হায়দার কাঞ্চন, প্রণয় প্রসাদ পাল, তানভীর হোসেন, অমিত নিয়াজ ও রুম্মান শাহরিয়ার শুভ।
নাটকটির টিকিট সংগ্রহের বিষয়ে আয়োজকরা জানিয়েছেন, অনলাইনের পাশাপাশি ফোনেও অগ্রিম টিকিট বুকিং দেওয়া যাবে। এছাড়া প্রদর্শনীর দিন হলের কাউন্টার থেকেও সরাসরি টিকিট সংগ্রহ করা সম্ভব হবে। এর আগের প্রদর্শনীগুলোতে দর্শকদের ব্যাপক সাড়া পাওয়ার অভিজ্ঞতা থেকে এবারও হলভর্তি দর্শকের উপস্থিতি প্রত্যাশা করছেন তাড়ুয়ার নাট্যকর্মীরা। উল্লেখ্য, ২০১৮ সালে ‘লেট মি আউট’ নাটকের মাধ্যমে ঢাকার মঞ্চে তাড়ুয়ার যাত্রা শুরু হয়েছিল।