উত্তর আমেরিকায় আয়োজিত ২০২৬ ফিফা বিশ্বকাপে নতুনত্বের ছোঁয়া লেগেছে। সেই ধারাবাহিকতায় এবার প্রথমবারের মতো বিশ্বকাপজয়ী দলকে বিশেষ ‘চ্যাম্পিয়নশিপ রিং’ বা আংটি প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। মার্কিন ক্রীড়াঙ্গনে সুপার বোলজয়ীদের আংটি দেওয়ার দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে, সেই সংস্কৃতিই এবার ফিফার কোনো প্রতিযোগিতায় প্রথমবার যুক্ত হচ্ছে।

আগামী ২০ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। শিরোপার লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের শক্তিশালী দল স্পেন মুখোমুখি হবে। এই ম্যাচে বিজয়ী দলের খেলোয়াড়দের ঐতিহ্যবাহী ট্রফি ও স্বর্ণপদকের পাশাপাশি এই বিশেষ আংটি প্রদান করা হবে।

বিশ্বকাপ উপলক্ষে সর্বমোট ২ হাজার ২৬টি চ্যাম্পিয়নশিপ রিং তৈরি করা হচ্ছে। এর মধ্যে বিশ্বচ্যাম্পিয়ন দলের সদস্যদের জন্য বরাদ্দ থাকবে ৩০টি আংটি। বাকি ১ হাজার ৯৯৬টি আংটি বিশ্বের বিভিন্ন প্রান্তের সমর্থকদের জন্য বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিটি আংটির এক পাশে থাকবে বিশ্বকাপ ট্রফির নকশা এবং অন্য পাশে চ্যাম্পিয়ন দলের পরিচয় ও অর্জনের স্মারক। বিজয়ী দলের সদস্যদের জন্য তৈরি প্রতিটি আংটি হবে স্বতন্ত্র নম্বরযুক্ত এবং সংশ্লিষ্ট ব্যক্তির আঙুলের মাপ অনুযায়ী বিশেষভাবে প্রস্তুত করা হবে। এর সঙ্গে একটি সত্যায়নপত্রও দেওয়া হবে।

ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচের হাতে প্রথমে প্রতীকী বা অস্থায়ী আংটি তুলে দেওয়া হবে। পরবর্তীতে চ্যাম্পিয়ন দলের জন্য নির্ধারিত ৩০টি আংটি তাদের ব্যক্তিগত মাপ অনুযায়ী তৈরি করে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হবে।