আগামী ১৯ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা ও স্পেন তাদের ঐতিহ্যবাহী হোম জার্সি পরেই মাঠে নামবে। ফিফার সাম্প্রতিক তথ্য অনুযায়ী, দুই দলের জার্সির রঙের মধ্যে স্পষ্ট পার্থক্য থাকায় কোনো দলকে অ্যাওয়ে জার্সি ব্যবহারের প্রয়োজন পড়ছে না।

বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের চিরচেনা আকাশি-সাদা ডোরাকাটা জার্সি, সাদা শর্টস ও সাদা মোজা পরে খেলবে। দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে সবুজ রঙের গোলকিপার কিটে দেখা যাবে। আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে এই আকাশি-সাদা জার্সি বেশ সফল; ১৯৭৮, ১৯৮৬ এবং ২০২২ সালের বিশ্বকাপ জয়ের সময় তারা এই জার্সিই পরিধান করেছিল।

অন্যদিকে, স্পেন তাদের ঐতিহ্যবাহী লাল জার্সি, নেভি ব্লু শর্টস ও নীল মোজা পরে মাঠে নামবে। স্পেনের গোলরক্ষক উনাই সিমনের পরনে থাকবে হালকা নীল রঙের কিট।

আর্জেন্টিনা এই ম্যাচে তাদের টানা দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। অন্যদিকে, ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে লড়াই করবে স্পেন।