ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ট্রেনের ধাক্কায় মীর সাইফুল ইসলাম সাদ নামে এক প্রাইভেটকার আরোহী নিহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের নিকটবর্তী একটি লেভেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল (২৪) সরাইল উপজেলা সদরের চাঁনমনি পাড়ার মীর হেলাল মিয়ার ছেলে। তিনি সরাইল বিকেল বাজারের ‘সাইফুল গ্যালারি’ নামের একটি কাপড়ের দোকানের স্বত্বাধিকারী ছিলেন।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, সাইফুল প্রাইভেটকারযোগে বিজয়নগর যাওয়ার পথে মুকুন্দপুর লেভেল ক্রসিং পার হচ্ছিলেন। এ সময় প্রাইভেটকারটি রেললাইনে আটকে যায়। ঠিক সেই মুহূর্তে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি গাড়িটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং সাইফুল ও চালক গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন। ওসি জানান, লেভেল ক্রসিংটি বৈধ হলেও সেখানে কোনো গেটম্যান নেই। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।