বিশ্বকাপ ফুটবল চলাকালীন আর্জেন্টিনা ম্যাচ জিতলেই সামাজিক যোগাযোগমাধ্যমে একদল ফুটবলপ্রেমীর মুখে প্রায়ই শোনা যেত ‘ফিফা আছে না!’ অথবা ‘সব সেটআপ করা’—এমন নানা মন্তব্য। কেউ কেউ আবার আরও এক ধাপ এগিয়ে দাবি করতেন, ‘কমিটির লোকজন কাজ করছে!’ সেই সময়ের ফুটবল উন্মাদনার মধ্যেই সংগীতশিল্পী আলিফ আলাউদ্দিন ও তাঁর বন্ধু দারাজ মাহমুদ মজা করে নিজেদের পরিচয় দিতে শুরু করেন ‘আমরা ফিফা কমিটির লোক’ হিসেবে।

আড্ডার ছলে বলা এই কথাটিই পরবর্তীতে একটি টি-শার্টের ডিজাইনে রূপ নেয়। আলিফ আলাউদ্দিন তাঁর নিজের ব্র্যান্ড ‘বিটজি’র জন্য টি-শার্টটি ডিজাইন করেন, যার মূল উদ্দেশ্য ছিল বন্ধুদের সঙ্গে মজা করা এবং ফুটবল আড্ডায় বাড়তি বিনোদন যোগ করা। শুরুতে মাত্র সাত-আটজন বন্ধুর জন্য এই টি-শার্টগুলো তৈরি করা হয়েছিল।

বন্ধুরা সেই টি-শার্ট পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করার পর বিষয়টি অপ্রত্যাশিতভাবে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই ‘আমরা কমিটির লোক’ লাইনটি ভাইরাল হয়ে যায় এবং ফুটবলপ্রেমীদের মুখে মুখে সংলাপটি জনপ্রিয় হয়ে ওঠে। আলিফ জানান, এরপরই বিভিন্ন অনলাইন স্টোর একই লাইন ও ডিজাইন ব্যবহার করে, এমনকি কোথাও কোথাও সামান্য পরিবর্তন এনে টি-শার্টগুলো বাণিজ্যিকভাবে বিক্রি শুরু করে।

ভাইরাল হওয়ার এই যাত্রায় আনন্দের পাশাপাশি আলিফ আলাউদ্দিনের মনে একধরনের আক্ষেপও রয়ে গেছে। তিনি বলেন, আইডিয়া কপি হওয়াটা একভাবে মেনে নেওয়া গেলেও, সবচেয়ে খারাপ লাগে যখন এই আইডিয়ার মূল উৎস বা স্বীকৃতির জায়গাটি হারিয়ে যায়। সেই স্বীকৃতি না পাওয়ার আক্ষেপটিই এখন তাঁর মনে বড় হয়ে দেখা দিয়েছে।