২০১৩ সালের মতিঝিলের শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার তদন্তের খসড়া প্রতিবেদন হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এই খসড়া প্রতিবেদনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদসহ ৪০ জনের বেশি ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) মামলার বর্তমান অবস্থা সম্পর্কে জানতে হেফাজতে ইসলামের শীর্ষ নেতাসহ ১৪ থেকে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের কার্যালয়ে যান। সেখানে চিফ প্রসিকিউটর খসড়া তদন্ত প্রতিবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার সকালে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রতিবেদনটি প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে এবং বর্তমানে তা পর্যালোচনার কাজ চলছে। নির্ধারিত সময় অনুযায়ী চলতি সপ্তাহেই ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

তদন্তে উঠে এসেছে যে, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও চট্টগ্রামে মোট ৫৮ জন নিহত হয়েছিলেন। অভিযুক্তদের তালিকায় একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু, সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপা এবং ঘাতক দালাল নির্মূল কমিটির সাবেক সভাপতি ও সাংবাদিক শাহরিয়ার কবিরের নাম রয়েছে। এছাড়া তৎকালীন পুলিশ, র‍্যাব এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে।

তদন্তের স্বার্থে ৪০ জনের বেশি অভিযুক্তের সবার নাম এখনই প্রকাশ করা হয়নি। প্রসিকিউশনের আশঙ্কা, পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করলে অভিযুক্তদের কেউ কেউ আত্মগোপন করতে পারেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে রাতে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চালানো হয়। অভিযোগ রয়েছে, রাত ১১টার পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পুলিশ, র‍্যাব ও বিজিবি যৌথভাবে অভিযান পরিচালনা করে। এ সময় গুলি, সাউন্ড গ্রেনেড, লাঠিচার্জ ও বলপ্রয়োগের ঘটনায় অনেকে হতাহত হন এবং সমাবেশটি ছত্রভঙ্গ হয়ে যায়।