বিশ্বকাপ ফাইনালকে ঘিরে ফুটবলপ্রেমীদের মাঝে এখন চরম উত্তেজনা বিরাজ করছে। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার এই মেগা ম্যাচটি মাঠে বসে দেখার জন্য সমর্থকদের মধ্যে তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, যার ফলে দেখা দিয়েছে চরম টিকিট সংকট। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ফাইনাল ম্যাচের টিকিটের দাম আকাশচুম্বী। টিওয়াসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, স্টাবহাব ও টিকিটমাস্টারের মতো পুনর্বিক্রয় প্ল্যাটফর্মগুলোতে টিকিটের সর্বনিম্ন দাম শুরু হচ্ছে প্রায় ১০ হাজার মার্কিন ডলার থেকে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১২ লাখ টাকার সমান। চাহিদা বাড়ার সাথে সাথে এই দাম আরও ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে।

ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে সাধারণ ক্যাটাগরির টিকিট প্রায় শেষ হয়ে গেছে। বর্তমানে কেবল হসপিটালিটি বা ভিআইপি ক্যাটাগরির টিকিট অবশিষ্ট রয়েছে, যার একেকটির দাম গিয়ে ঠেকেছে প্রায় ৬০ হাজার ডলারে বা বাংলাদেশি টাকায় প্রায় ৭৪ লাখ টাকায়। এই টিকিট সংকটের প্রভাব কেবল স্টেডিয়াম চত্বরেই সীমাবদ্ধ নেই, নিউইয়র্কের টাইমস স্কয়ারেও এর চিত্র স্পষ্ট।

টাইমস স্কয়ারে অনেক সমর্থককে হাতে ‘টিকিট চাই’ লেখা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এদের অনেকে যেকোনো মূল্যে ম্যাচটি দেখার জন্য প্রস্তুত, আবার অনেকে শেষ মুহূর্তে কম দামে টিকিট পাওয়ার আশায় অপেক্ষায় আছেন। বৃষ্টি উপেক্ষা করে সেখানে জড়ো হওয়া আর্জেন্টিনা ও স্পেনের সমর্থকদের মধ্যে আলবিসেলেস্তে সমর্থকদের আধিক্য ছিল চোখে পড়ার মতো। লিওনেল মেসিদের সমর্থনে নিউইয়র্কের এই চত্বর যেন বুয়েনস আয়ার্সে রূপ নিয়েছিল এবং মজা করে বিজ্ঞাপনের বিলবোর্ডে একে ‘আর্জেন্টাইনস স্কয়ার’ হিসেবেও দেখানো হয়েছে। আর্জেন্টাইন সমর্থকদের দাপুটে উপস্থিতির মাঝে স্পেনের সমর্থকরাও নিজেদের মতো করে উৎসবে মেতেছিলেন।