বাংলাদেশের সাধারণ পাসপোর্টের নকশায় বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পাসপোর্টের ভেতরের পাতার জলছাপে জুলাই গণঅভ্যুত্থানের শহিদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও মোহাম্মদ ওয়াসিমের ছবি যুক্ত করা হবে।

নতুন এই নকশার অংশ হিসেবে ই-পাসপোর্টের ৩২ ও ৩৩ নম্বর পৃষ্ঠায় ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন জলছাপ হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তরুণদের সেই আত্মত্যাগের ঐতিহাসিক মুহূর্তটি এখন নাগরিকদের এই আন্তর্জাতিক ভ্রমণ নথিতে ঠাঁই পাবে।

পাসপোর্টের নতুন নকশায় দেশের ঐতিহ্য ও ইতিহাসের বিভিন্ন অনুষঙ্গকে গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে জাতীয় স্মৃতিসৌধ, শহীদ মিনার, জাতীয় সংসদ ভবন ও সুপ্রিম কোর্টের পাশাপাশি কান্তজিউ মন্দির, লালবাগ দুর্গ, পানামনগর ও কার্জন হলের মতো ঐতিহাসিক স্থাপনার ছবি যুক্ত করা হচ্ছে।

প্রাকৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে কক্সবাজার সমুদ্র সৈকত, সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর ও নীলগিরি পাহাড়ের ছবিও জলছাপ হিসেবে থাকছে। এছাড়া জাতীয় ফুল শাপলা, পাখি দোয়েল, মাছ ইলিশ, ফল কাঁঠাল এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’ পাসপোর্টের পাতায় স্থান পেয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পাসপোর্টের ডাটা পেইজে আগের মতোই ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশের জন্য বৈধতার বিষয়টি বহাল থাকবে। এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।