নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়ন পরিষদে নতুন নেতৃত্বের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। নবনিযুক্ত প্রশাসক নূর নবী ভূঁইয়া এবং নিয়োগপ্রাপ্ত সদস্যরা আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব গ্রহণ করেছেন। রবিবার (১৯ জুলাই) বিকেলে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে সাবেক প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান নতুনদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জয়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান, নারায়ণগঞ্জ জেলা সহকারীর পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছিরউদ্দিন বাচ্চু উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত প্রশাসক নূর নবী ভূঁইয়া তার বক্তব্যে বলেন, জনগণের অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদকে একটি আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব মডেল হিসেবে গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য। তিনি জানান, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সরেজমিনে পরিদর্শন করে নাগরিক সমস্যাগুলো চিহ্নিত করা হবে এবং অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং নাগরিক সেবার গুণগত মান বৃদ্ধিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। সেই সঙ্গে পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মান নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা নবনিযুক্ত প্রশাসক ও সদস্যদের শুভেচ্ছা জানান এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী সৎ, নিরপেক্ষ ও দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।