বিশ্বকাপ ফাইনালে প্রথমবারের মতো সুপার বোলের আদলে আয়োজিত হাফটাইম শোতে পারফর্ম করেছেন পপ তারকা শাকিরা, ম্যাডোনা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই জমকালো আয়োজনে শিল্পীরা বিপুল অঙ্কের পারিশ্রমিক পাবেন বলে অনেকের ধারণা থাকলেও, দ্য অ্যাথলেটিক-এর প্রতিবেদন অনুযায়ী, তারা এই অনুষ্ঠানের জন্য কোনো অর্থ নিচ্ছেন না।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই তিন শিল্পী তাদের সময় ও পারফরম্যান্স গ্লোবাল সিটিজেন-এর সামাজিক উদ্যোগের জন্য উৎসর্গ করেছেন। পারিশ্রমিক গ্রহণের পরিবর্তে তারা এই বিশাল মঞ্চকে একটি মানবিক বার্তা ছড়িয়ে দেওয়ার কাজে ব্যবহার করছেন। যুক্তরাষ্ট্রের সুপার বোল হাফটাইম শোর প্রচলিত রীতির মতোই এখানে শিল্পীরা পারফরম্যান্সের জন্য আলাদা কোনো অর্থ পান না, বরং বিশ্বের সবচেয়ে বেশি দর্শকপ্রিয় টেলিভিশন সম্প্রচারের মাধ্যমে নিজেদের ব্র্যান্ড ও জনপ্রিয়তা বৃদ্ধির সুযোগ পান।
ফিফার তথ্যমতে, ২০২২ সালের বিশ্বকাপ ফাইনাল বিশ্বজুড়ে প্রায় ১৪২ কোটি বা ১.৪২ বিলিয়ন দর্শক উপভোগ করেছিলেন, যা এবারের হাফটাইম শোকে বিশ্বের অন্যতম বড় দর্শকসমাগমের মঞ্চে পরিণত করেছে। কোল্ডপ্লে ব্যান্ডের প্রধান গায়ক ক্রিস মার্টিন এই হাফটাইম শোটি পরিচালনা করেছেন। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, শাকিরা, ম্যাডোনা ও বিটিএস-এর সংগীত সীমানা ও প্রজন্মের গণ্ডি অতিক্রম করে। তার মতে, এই আয়োজন ফুটবল, ঐক্য ও মানবতার এক অনন্য উদযাপন।