বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত এমপিওভুক্ত করা এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে সোচ্চার হয়েছে বেসরকারি শিক্ষক-কর্মচারী চাকরি জাতীয়করণ ঐক্যজোট। সোমবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এই দাবি জানানো হয়। অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্য সচিব প্রিন্সিপাল মো. সেলিম মিঞা।

লিখিত বক্তব্যে সেলিম মিঞা বলেন, স্বাধীনতার পর দীর্ঘ সময় দেশের শিক্ষা ব্যবস্থা নানা সংকটের মধ্য দিয়ে পার হয়েছে। তবে ১৯৮০ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষকদের জাতীয় বেতন স্কেলের আওতায় এনে শিক্ষা খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তীতে বিএনপি সরকারের আমলেও শিক্ষা ও শিক্ষক সমাজের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয় এবং মাদ্রাসা শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করার কাজ এগিয়ে নেওয়া হয়। তিনি আরও উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের ঘোষণা দিয়েছিলেন, যা এখনো বাস্তবায়িত হয়নি। বর্তমান প্রেক্ষাপটে এই জাতীয়করণ সময়ের দাবি বলে তিনি মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে বর্তমান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নেতৃত্বে চলমান শিক্ষা সংস্কার কার্যক্রমের প্রশংসা করা হয়। সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, একটি স্বার্থান্বেষী মহল শিক্ষার্থীদের বিভ্রান্ত করে আন্দোলন, ভাঙচুর ও সড়ক অবরোধের মাধ্যমে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে এবং শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে। এই ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

শিক্ষক-কর্মচারীদের অধিকারের পাশাপাশি শিক্ষার্থীদের স্বার্থে সংগঠনটি চার দফা প্রস্তাব তুলে ধরেছে। এর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের অবিলম্বে শ্রেণিকক্ষে ফিরিয়ে আনা, নিয়মিত পাঠদানে উৎসাহিত করা, শিক্ষামন্ত্রীর পাশে থেকে ষড়যন্ত্র মোকাবিলা করা এবং মানবিক, আদর্শিক ও মেধাভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক ও কো-চেয়ারম্যান মাওলানা মো. দেলোয়ার হোসেন, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক কাজী মাঈনুদ্দিন, অধ্যাপক মোশাররফ হোসেন লিটন, অধ্যাপক আব্দুল আউয়াল, অধ্যক্ষ মো. রাকিব উদ্দিন খান, যুগ্ম মহাসচিব রোকেয়া চৌধুরী বেবী এবং অধ্যাপক মো. আব্দুল হাকিমসহ কেন্দ্রীয় নেতারা।