উজানের ঢল এবং অবিরাম ভারী বৃষ্টির প্রভাবে আবারও তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। সোমবার (২০ জুলাই) সকাল ৮টায় নীলফামারীর ডিমলার ডালিয়া পয়েন্টে নদীর পানির সমতল ৫২ দশমিক ১০ সেন্টিমিটারে রেকর্ড করা হয়েছে। বর্তমানে নদীটির পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, পানির চাপ সামাল দিতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাটই খুলে রাখা হয়েছে। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরি জানিয়েছেন, পানি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

তিস্তার পানি বাড়ার ফলে নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিম্নাঞ্চলেও পানি ঢুকে পড়ার সম্ভাবনা রয়েছে।