বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী অভিযোগ করেছেন যে, বিগত ১৭ বছরে এমপি ও মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছেন। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ জেলা পরিষদ চত্বরে আয়োজিত বৃক্ষরোপণ, গাছের চারা ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিপুন রায় চৌধুরী বলেন, গত ১৭ বছরে ভেঙে যাওয়া বাংলাদেশকে পুনরুদ্ধার করতে হবে এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে হবে। মাদক রোধে কেবল সচেতনতা বৃদ্ধিই যথেষ্ট নয়, বরং তরুণ বেকারদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা জরুরি বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও উল্লেখ করেন যে, সরকার প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির যে পরিকল্পনা নিয়েছে, তা বাস্তবায়িত হলে খেলাধুলায় মনোযোগী হয়ে যুব সমাজের হতাশাগ্রস্ত হওয়ার প্রবণতা কমে আসবে। এছাড়া তিনি বৃক্ষরোপণের পাশাপাশি নতুন নতুন নার্সারি উদ্যোক্তা তৈরির ওপরও গুরুত্বারোপ করেন।
মাদকবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে তিনি ইমাম ও পুরোহিতদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মসজিদে বয়ানের সময় ইমামরা এবং মন্দিরগুলোতে পুরোহিতরা মাদকের ভয়াবহতা সম্পর্কে মানুষকে সচেতন করবেন।
ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে জেলার বিভিন্ন মসজিদ-মন্দির, সামাজিক প্রতিষ্ঠান ও অসচ্ছল মানুষের মাঝে প্রায় ১ কোটি ৪৮ লাখ ৪০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক ও গাছের চারা বিতরণ করা হয়।