‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগানকে সামনে রেখে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনার উদ্যোগ নিয়েছে প্রথম আলো। শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই বিশেষ কর্মসূচিতে ভেন্যু সহযোগী হিসেবে থাকছে কনকর্ড গ্রুপ।
এই আয়োজন সফল করতে সোমবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক এবং কনকর্ড গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা অনুপ কুমার সরকার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কনকর্ড গ্রুপের বিপণন বিভাগের জ্যেষ্ঠ উপমহাব্যবস্থাপক উজ্জল কুমার বসাক, প্রথম আলোর মহাব্যবস্থাপক ও হেড অব মার্কেটিং মো. আজওয়াজ খান এবং ইভেন্টস বিভাগের সহকারী ব্যবস্থাপক আল মামুন উপস্থিত ছিলেন।
সংগঠকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের ৬৪ জেলায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার কার্যক্রম দ্রুতই শুরু হবে। এছাড়া সফলভাবে উত্তীর্ণ সব শিক্ষার্থীকে নিবন্ধনের আওতায় আনা হবে এবং নিবন্ধিত প্রত্যেকের জন্যই উপহারের ব্যবস্থা রাখা হয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের নিবন্ধনের জন্য প্রথম আলোর নির্ধারিত ওয়েবসাইটে ভিজিট করতে অনুরোধ করা হয়েছে।