চট্টগ্রামের পটিয়া উপজেলায় আবু জাফর (৫৫) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরে উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বানীগ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আবু জাফর ওই এলাকার মৃত আবুল হাশেমের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে একাধিক মামলায় আদালত থেকে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে পটিয়া থানা পুলিশের একটি দল কোলাগাঁও ইউনিয়নের বানীগ্রামে অভিযান চালায়। অভিযানের সময় নিজ বাড়ি থেকে আবু জাফরকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, গ্রেপ্তারি পরোয়ানা থাকায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।