ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলনে শরিক দলের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও নৈশভোজ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শরিক নেতৃবৃন্দের সম্মানে এই নৈশভোজের আয়োজন করা হয়। সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী শরিক নেতাদের প্রতিটি টেবিলে গিয়ে কুশল বিনিময় করেন।

অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়, যেখানে তেলাওয়াত করেন ইসলামী ঐক্যজোটের শওকত আমিন। এরপর স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সম্পাদক সাইফুল হক এবং জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি মহিউদ্দিন ইকরাম শুভেচ্ছা বক্তব্য দেন।

নৈশভোজের সময় প্রধানমন্ত্রী বুফে গিয়ে শরিক নেতাদের সঙ্গে খাবার সংগ্রহ করেন এবং তাদের সঙ্গে এক টেবিলে বসে রাতের খাবার খান। ওই টেবিলে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, বিজেপির আন্দালিব রহমান পার্থ, বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, ফরিদুজ্জামান ফরহাদ, গণফোরামের সুব্রত চৌধুরী এবং ভাসানী অনুসারী শক্তির শেখ রফিকুল ইসলাম বাবলু উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ বিএনপির শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া ৪১টি দলের প্রতিনিধিরা এতে অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্যদের তালিকায় ছিলেন জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি মহিউদ্দিন ইকরাম, সাম্যবাদী দলের নুরুল ইসলাম, ইসলামিক পার্টির আবুল কাসেম, কল্যাণ পার্টির শামসুদ্দিন পারভেজ, এনপিপির মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপার খন্দকার লুৎফুর রহমান, ডেমোক্রেটিক লীগের মহিউদ্দিন কাদরি শওকত, খোকন চন্দ্র দাস, বাংলাদেশ ন্যাপের শাওন সাদেকী, ন্যাপ ভাসানীর আজহারুল ইসলাম, বিকল্প ধারার নুরুল আমিন ব্যাপারি, গণদলের এটিএম গোলাম মাওলা চৌধুরী, ইসলামী ঐক্যজোটের মাওলানা আবদুল করীম, বাংলাদেশ সংখ্যালঘু জনতা পার্টির সুকৃতি কুমার মন্ডল, গণফোরামের মিজানুর রহমান, গণঅধিকার পরিষদের নুরুল হক নূর ও ফারুক হাসান, আম জনতা দলের অবসরপ্রাপ্ত কর্ণেল মিয়া মসিউজ্জামান ও তারেক রহমান, সাম্যবাদী দল (এমএল)-এর হারুন চৌধুরী, ইউনাইটেড লিবারেল পার্টির আমিনুল ইসলাম ও খন্দকার আহসান হাবিব, জনতার অধিকার পার্টির তারিকুল ইসলাম ভুঁইয়া ও এমএ আর রাজা রহমান, এনডিপির কেএস আবু তাহের ও আবদুল্লাহ আল হারুন, এনডিএমের ববি হাজ্জাজ এবং বিএনপির শাহাদাৎ হোসেন সেলিম ও রেদোয়ান আহমেদ।