চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মজীবনের পথ সুগম করতে এবং দেশের শীর্ষস্থানীয় করপোরেট প্রতিষ্ঠানগুলোর সাথে সরাসরি সংযোগ স্থাপনের লক্ষ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘চাকসু প্রেজেন্টস চাট্টগ্রাম জব ফেয়ার ২০২৬’। সোমবার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর ও কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দিনব্যাপী এই জব ফেয়ারের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) আয়োজিত এই মেলায় সহযোগিতা করেছে এক্সেলেন্স বাংলাদেশ। এবারের আয়োজনে দেশের প্রায় ৩০টি শীর্ষস্থানীয় করপোরেট প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। জব ফেয়ারে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য জীবনবৃত্তান্ত (সিভি) সংগ্রহ, স্পট ইন্টারভিউ, সিভি স্ক্রিনিং, ক্যারিয়ার কাউন্সেলিং এবং করপোরেট নেটওয়ার্কিংয়ের বিশেষ সুযোগ রাখা হয়েছিল। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের ফুল-টাইম, পার্ট-টাইম এবং ইন্টার্নশিপ পদের জন্য আবেদনের সুযোগ পেয়েছেন।

আয়োজকরা জানিয়েছেন, শিক্ষার্থীদের শিক্ষা জীবন থেকে পেশাজীবনে উত্তরণের পথকে সহজতর করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। নিয়োগদাতা প্রতিষ্ঠানের সাথে সরাসরি যোগাযোগের এই মাধ্যম শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থানের নতুন সম্ভাবনা সৃষ্টি করবে বলে তারা আশা প্রকাশ করেন।