ফুটবল বিশ্বকাপের মতো বড় আসরে চ্যাম্পিয়ন দলের নাম আগেভাগে বলে দেওয়া বেশ কঠিন। তবে ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান ইএ স্পোর্টস এই কঠিন কাজটিই যেন নিয়মিত করে দেখাচ্ছে। ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন হিসেবে স্পেনের নাম ঘোষণা করে প্রতিষ্ঠানটি টানা পঞ্চমবারের মতো তাদের পূর্বাভাস সঠিক প্রমাণ করল।

বিশ্বকাপ শুরুর দুই দিন আগে ইএ স্পোর্টস তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে স্পেনকে চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করেছিল। রোববার বাংলাদেশ সময় রাত ১টায় অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের ম্যাচটি ১-০ গোলে জিতে নেয় স্পেন। মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচের ১০৬তম মিনিটে জয়সূচক গোলটি করেন ফেরান তোরেস। এর আগে ২০১০ সালে স্পেন সর্বশেষ শিরোপা জেতার সময়ও ইএ স্পোর্টস তাদের পক্ষেই ভবিষ্যদ্বাণী করেছিল। এছাড়া ২০১৪ সালে জার্মানি, ২০১৮ সালে ফ্রান্স এবং ২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বজয়ের পূর্বাভাসও নির্ভুলভাবে দিয়েছিল প্রতিষ্ঠানটি।

ইএ স্পোর্টসের এই সাফল্য কেবল অনুমানের ওপর নির্ভরশীল নয়। তাদের ডেভেলপার দল বর্তমান খেলোয়াড়দের পারফরম্যান্স, দলীয় শক্তি, কৌশলগত তথ্য, পরিসংখ্যান এবং সম্ভাব্য ম্যাচআপ বিশ্লেষণের মাধ্যমে একটি বিশেষ সিমুলেশন তৈরি করে। এই প্রক্রিয়ার মাধ্যমেই তারা টুর্নামেন্টের সম্ভাব্য চ্যাম্পিয়ন নির্ধারণ করে থাকে।

২০২৬ বিশ্বকাপে স্পেন ও ফ্রান্সকে ফেবারিট ধরা হলেও আসরে কেপ ভার্দের মতো দলও চমক দেখিয়েছে। টুর্নামেন্টের শুরুর ম্যাচে আফ্রিকার এই দেশটির বিপক্ষে গোলশূন্য ড্র করে স্পেন। তবে এরপরই ঘুরে দাঁড়িয়ে লা রোজারা বেলজিয়াম, পর্তুগাল ও ফ্রান্সের মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে। পুরো টুর্নামেন্টে স্পেন মাত্র একটি গোল হজম করেছে।

স্পেনের এই সাফল্যে তরুণ তারকা লামিনে ইয়ামাল ও পাউ কুবারসি বড় ভূমিকা রেখেছেন। ১৯ বছর বয়সী কুবারসি টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। অন্যদিকে, গোল্ডেন বল বা টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন স্পেনের মিডফিল্ডার রদ্রি, যিনি এর আগে ২০২৪ সালের ব্যালন ডি’অর ও ইউরোর সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন।