পণ্যের মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ার কারণে দেশের চারটি প্রতিষ্ঠানের আট ধরনের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে। সোমবার (২০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংস্থাটি এই তথ্য নিশ্চিত করেছে।
বিএসটিআই জানিয়েছে, ফ্রেশ গার্ডেন অ্যাগ্রো রিসোর্সেসের আমের আচারে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ পাওয়ায় তা বাজার থেকে সরিয়ে নিতে বলা হয়েছে। এছাড়া কাজী ফুড ইন্ডাস্ট্রিজের বেলিসিমো ব্র্যান্ডের রোটোন্ডো হ্যাজেলনাট কোটেড চকলেট আইসক্রিমে বাংলাদেশ মানের চেয়ে অতিরিক্ত মাত্রায় টোটাল মিল্ক সলিড নন ফ্যাট পাওয়ায় এই নির্দেশনা দেওয়া হয়েছে।
অলিভ বাংলাদেশের চারটি পণ্যে মানবদেহের জন্য ক্ষতিকর অণুজীবের উপস্থিতি পাওয়ায় সেগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে সংস্থাটি। পণ্যগুলো হলো—লাবণ্য ব্র্যান্ডের মিল্ক স্কিন লোশন, অ্যালোভেরা স্কিন লোশন, ফেসওয়াশ মোরিংগা+মাচা ফোমিং মিল্ক এবং অ্যালোভেরা ভ্যারিয়েন্টের শ্যাম্পু। পাশাপাশি ডেকো ফুডসের ডেকো ফ্রুট ফান্ডা ব্র্যান্ডের ম্যাঙ্গো ও অরেঞ্জ ভ্যারিয়েন্টের সফট ড্রিংক পাউডারে বাংলাদেশ মানমাত্রার চেয়ে ভিটামিন ‘সি’ কম পাওয়ায় তা বাজার থেকে তুলে নিতে বলা হয়েছে।
সংস্থাটি জানিয়েছে, ইতোমধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রত্যাখ্যান পত্র পাঠানো হয়েছে। পণ্যের লাইসেন্স নবায়ন বা নতুন করে অনুমোদন না পাওয়া পর্যন্ত এসব পণ্য উৎপাদন, বিক্রয় ও বিতরণ থেকে বিরত থাকার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। ভোক্তা সুরক্ষা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই পণ্যগুলো দেশের সব ডিলার, পরিবেশক ও খুচরা বিক্রেতা থেকে অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। বিএসটিআই এই নির্দেশনার বাস্তবায়ন নিবিড়ভাবে তদারকি করবে এবং নির্দেশনা অমান্য করলে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।