লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী সীমান্ত এলাকায় আন্তর্জাতিক আইন অমান্য করে জিরো লাইনে বাঁশের খুঁটি স্থাপনের একটি প্রচেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির টহলদলের তাৎক্ষণিক হস্তক্ষেপে বিএসএফ সদস্যরা তাদের কার্যক্রম থেকে পিছু হটতে বাধ্য হয়। মঙ্গলবার সকালে ৬১ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক করিমুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঘটনার সূত্রপাত ঘটে সোমবার বিকেলে। তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির আওতাধীন পঁয়ষট্টিবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মেইন পিলার ৮৪৫/১-এস থেকে ৮৪৫/২-এস-এর মাঝামাঝি এই ঘটনা ঘটে। বিজিবি সূত্রে জানা গেছে, শূন্য লাইন থেকে প্রায় ১০০ মিটার ভারতের অভ্যন্তরে কুচবিহার জেলার মেকলিগঞ্জ থানার হাড়িকামাত গ্রামে পানিশালা এলাকায় আগে থেকেই কিছু বাঁশের খুঁটি ছিল। ভারতীয় ৯৮ ব্যাটালিয়ন বিএসএফের পানিশালা-১ ক্যাম্পের সদস্য এবং স্থানীয় ভারতীয় নাগরিকরা সেসব পুরোনো খুঁটি সরিয়ে সেখানে ৩ থেকে ৪ ফুট উচ্চতার নতুন সিমেন্টের খুঁটি বসানোর কাজ শুরু করে।
বিজিবি টহলদলের সদস্যরা বিষয়টি নজরে আসামাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং অবৈধভাবে এই সিমেন্টের খুঁটি স্থাপনের কাজে বাধা দেন। বিজিবির বাধার মুখে বিএসএফ সদস্যরা পিছু হটে। বর্তমানে ওই সীমান্ত এলাকায় বিজিবি টহল জোরদার করা হয়েছে এবং সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।