কক্সবাজারের টেকনাফ সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় মিয়ানমারের এক সেনা সদস্য এবং দুই পুলিশ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার দুপুরে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকা থেকে বিজিবির টহল দল তাদের আটক করতে সক্ষম হয়।
আটককৃতরা হলেন মিয়ানমার সেনাবাহিনীর সদস্য হেউন ডে টে (৩৮) এবং দেশটির পুলিশ সদস্য কিয়াও নাইং (৩৫) ও থেইন জও (৩৩)। জানা গেছে, তাদের বাড়ি মিয়ানমারের ইয়াঙ্গুন ও মংডু অঞ্চলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অনধিকার প্রবেশের অভিযোগে এই তিন মিয়ানমার নাগরিকের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার সকালে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হবে।