রংপুরের তারাগঞ্জ উপজেলায় চিকলি নদীতে গোসল করতে নেমে সুলতান আলী নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত সুলতান আলী উপজেলার আলমপুর ইউনিয়নের ফাজিলপুর ডাঙ্গাপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে ওই নদীতে গোসল করতে নামেন সুলতান আলী। একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। খবর পেয়ে তারাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের পাশাপাশি রংপুর ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং যৌথ উদ্ধার অভিযান শুরু করে।
তারাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার শরীফ আব্দুল্লাহ জানান, দুটি ইউনিট নিয়ে উদ্ধারকাজ শুরু করা হয়। রংপুর থেকে আসা ডুবুরি দলের সহায়তায় টানা প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর নদী থেকে সুলতান আলীর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।