রাজধানীর তেজগাঁওয়ের এলেনবাড়িতে অবস্থিত গণপূর্ত অধিদপ্তরের সম্পদ বিভাগে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এই কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী ড. মো. শফিউল ইসলামের নেতৃত্বে একটি প্রভাবশালী সিন্ডিকেট টেন্ডার কারসাজি, কমিশন বাণিজ্য এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে কোটি কোটি টাকার সরকারি অর্থ আত্মসাৎ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। অনুসন্ধানে জানা যায়, এই সিন্ডিকেটে নির্বাহী প্রকৌশলী শফিউলের সহযোগী হিসেবে কাজ করছেন সহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম এবং উপ-সহকারী প্রকৌশলী সুশান্ত দত্ত।

অভিযোগ রয়েছে যে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে ৭ নং ওয়ার্ড তেজকুনিপাড়া ও তেজগাঁও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ‘মা এন্টারপ্রাইজ’ এর স্বত্বাধিকারী ঠিকাদার জামাল হোসেনের সাথে নির্বাহী প্রকৌশলী শফিউল ইসলামের ঘনিষ্ঠ যোগসূত্র ছিল। এর ফলে প্রায় ২৫ জন যোগ্য ও নিয়মিত ঠিকাদার দরপত্র প্রক্রিয়া থেকে কার্যত বাদ পড়েছেন। রাজনৈতিক পটপরিবর্তনের পরও তিনি পাবনা জেলায় নিজের বাড়ি হওয়ার সুযোগ নিয়ে বা কখনো বিএনপির কেন্দ্রীয় নেতার নাম ভাঙিয়ে নিজের অবস্থান টিকিয়ে রাখার চেষ্টা করছেন। সাধারণ ঠিকাদারদের অভিযোগ, দরপত্র আহ্বানের সময় ইচ্ছাকৃতভাবে ত্রুটিপূর্ণ শর্ত জুড়ে দেওয়া হয়, যাতে পছন্দের ঠিকাদার ছাড়া অন্য কেউ অংশ নিতে না পারে।

দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগ অনুযায়ী, ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট থেকে প্রায় ৮ কোটি টাকার আর্থিক অনিয়ম হয়েছে। সরকারি বাসভবন ও ভিআইপি কোয়ার্টার মেরামত ও আধুনিকায়নের নামে বরাদ্দ থাকলেও মাঠপর্যায়ে কোনো কাজ হয়নি, বরং ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে অর্থ লোপাট করা হয়েছে। বিশেষ করে গত ৪ মে প্রকাশিত সুইমিংপুলের কাজ এবং পরবর্তীতে প্রকাশিত সরকারি কর্মকর্তাদের আবাসন ভবন ১ ও ২ এর সংস্কার কাজের নামে প্রায় ৬০ লাখ টাকা লোপাটের অভিযোগ সরাসরি গণপূর্তের এই শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে। ১ নং ভবনে বসবাসরত প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, গত দুই বছরে তাদের এই বহুতল ভবনে কোনো ধরনের সংস্কার, রং বা মেরামতের কাজ করা হয়নি। এছাড়া ১২ মে প্রকাশিত আউটসোর্সিং জনবল নিয়োগের দরপত্র নিয়েও সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যাকডোর ডিলের অভিযোগ রয়েছে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এই ঘটনার তীব্র সমালোচনা করে জানিয়েছেন, সরকারি ক্রয়ের ক্ষেত্রে পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর) লঙ্ঘনের ঘটনা সুশাসনের জন্য বড় হুমকি। এদিকে, অভিযোগের বিষয়ে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরি জানিয়েছেন, কোনো ধরনের দুর্নীতি বা সিন্ডিকেটকে প্রশ্রয় দেওয়া হবে না এবং এলেনবাড়ির ফাইলপত্র ও টেন্ডার প্রক্রিয়া তদন্তের জন্য দল পাঠানো হবে। তবে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী ড. মো. শফিউল ইসলামের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।