মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় প্রায় ১৮ ফুট দৈর্ঘ্যের একটি বিশালাকার অজগর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে সদর ইউনিয়নের ৫ নং পুল এলাকার বন্ধন কমিউনিটি সেন্টারের পাশে পথচারী ওয়াসিম মিয়া সাপটিকে প্রথম দেখতে পান।

এলাকায় সাপটি দেখা দেওয়ার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে কিছু মানুষ এটিকে মারার জন্য তেড়ে আসে। পরবর্তীতে এলাকাবাসীর মধ্যে কিছু সচেতন ব্যক্তি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে বিষয়টি অবগত করেন। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ও বাবুল রবিদাস ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। উদ্ধার হওয়া অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৮ ফুট এবং ওজন আনুমানিক ৩০ থেকে ৩৫ কেজি।

উদ্ধার অভিযানের পর সাপটিকে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে শ্রীমঙ্গলে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক জানান, সাপটি তাদের কাছে হস্তান্তরের পর কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনে অবমুক্ত করা হয়েছে।

বন কর্মকর্তা কাজী নাজমুল হক জানান, অজগর বিষধর নয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লোকালয়ে সাপ দেখা দিলে আতঙ্কিত না হয়ে বা সাপটিকে হত্যা না করে দ্রুত বন বিভাগ বা বন্যপ্রাণী উদ্ধারকারী সংস্থাকে খবর দেওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।