২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর প্রথমবারের মতো নীরবতা ভেঙেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতির কথা প্রকাশ করে চেলসি তারকা জানিয়েছেন, ফুটবলের প্রকৃত সৌন্দর্য কেবল ট্রফি জয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং দলের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যাওয়ার মধ্যেই তা নিহিত।
ফাইনালে দুই হলুদ কার্ডের কারণে মাঠ ছাড়তে হয়েছিল এনজোকে। ঘটনার কয়েকদিন পর ইনস্টাগ্রামে তিনি লেখেন, সময়ের সাথে সাথে তিনি উপলব্ধি করছেন যে একটি ম্যাচের ফলাফলের চেয়েও বড় কিছু গুরুত্ব বহন করে। তিনি আর্জেন্টিনা দলের লড়াকু মানসিকতার প্রশংসা করে বলেন, এই দল বছরের পর বছর ধরে তাদের যেভাবে প্রতিনিধিত্ব করেছে, তা গর্বের। প্রতিযোগিতা মানে শুধু জয় নয়, বরং জার্সির জন্য নিজের সর্বস্ব উজাড় করে দেওয়া এবং কখনো হাল না ছাড়ার শিক্ষা এই দল থেকেই পাওয়া যায়।
২৫ বছর বয়সী এই মিডফিল্ডার আর্জেন্টাইন সমর্থকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন। প্রতিটি ম্যাচে পাশে থাকা, নিঃস্বার্থ সমর্থন এবং বিশ্বের যেকোনো প্রান্তে তাদের ঘরের মতো অনুভব করানোর জন্য তিনি সমর্থকদের ধন্যবাদ জানান। এনজো পুনর্ব্যক্ত করেন যে, দেশের জার্সি পরা তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সম্মান। যখনই এই জার্সি রক্ষা করার সুযোগ পাবেন, তিনি সর্বশক্তি দিয়ে লড়াই চালিয়ে যাবেন। যদিও ফাইনালে লাল কার্ড পাওয়ার হতাশা রয়ে গেছে, তবুও আর্জেন্টিনার হয়ে খেলার দায়বদ্ধতা এবং গর্ব তার কাছে অটুট রয়েছে।