অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব থাকেন জনপ্রিয় চিত্রনায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিম। প্রায়শই নিজের জীবনের নানা মুহূর্তের ছবি ও তথ্য ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গোলাপি রঙের পোশাকে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেন ‘মালিক’ সিনেমার এই অভিনেত্রী।

ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে ভালোবাসার ইমোজি দিয়ে মিম লিখেছেন, ‘গোলাপি রঙে রাঙা আমি, ভালোবাসায় ভরা মন।’ তবে ছবিগুলো কোনো সিনেমার দৃশ্য নাকি ওয়েব সিরিজের অংশ, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি তিনি।

সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো প্রকাশের পর থেকেই মন্তব্যের ঘরে ভক্তদের প্রশংসার জোয়ার বইছে। অনেকেই তাকে নিয়ে মুগ্ধতার কথা জানিয়েছেন। সজীব নামের এক ভক্ত মন্তব্য করেছেন, ‘আমাদেরও একজন মিম আছেন, যিনি বলিউড–হলিউড, তামিল নায়িকাদের হার মানায়।’ রিশা মনি নামের আরেকজন লিখেছেন, ‘সেরার যদি সেরা সুন্দরী নায়িকা বর্তমানে বাংলাদেশে থাকে, তবে সেটা মিম।’ আরেকজন ভক্ত লিখেছেন, ‘বিদ্যা সিনহা সাহা মিম সৌন্দর্য, আভিজাত্য, প্রতিভা এবং এক মুগ্ধকর ব্যক্তিত্বের অপূর্ব সমন্বয়ে আপনি সত্যিই এমন এক তারকা, যিনি বিশ্বের প্রতিটি কোণ আলোকিত করে তোলেন।’

উল্লেখ্য, বিদ্যা সিনহা মিম সম্প্রতি নব্বই দশকের জনপ্রিয় অভিনয়শিল্পী শমী কায়সার প্রযোজিত একটি সিনেমায় অভিনয় করেছেন।