বাংলাদেশের বিভিন্ন অগ্রাধিকারমূলক কর্মসূচিতে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে বিশ্বব্যাংক। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎকালে বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেম এই আগ্রহের কথা জানান। তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেন।

সাক্ষাৎকালে সরকারে গৃহীত একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, দেশব্যাপী কর্মসংস্থান সৃষ্টি, নারীদের কর্মসংস্থান বৃদ্ধি, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সম্প্রসারণ এবং প্রান্তিক ও তৃণমূল পর্যায়ের নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন।

বিশেষ করে, সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে কার্যকরভাবে সম্প্রসারণ এবং এর মাধ্যমে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের আরও বেশি অন্তর্ভুক্ত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এছাড়াও, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং কর্মসংস্থানমুখী শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় তৃণমূল পর্যায়ের সব মানুষের ক্ষমতায়ন, সরকারের নির্বাচনী ইশতেহারের বিভিন্ন অগ্রাধিকার, সরকারের পলিসি এবং সেগুলোর কার্যকর বাস্তবায়ন কৌশল নিয়েও বিস্তারিত মতবিনিময় হয়। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, জনকল্যাণ, কর্মসংস্থান সৃষ্টি এবং সব পর্যায়ের জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও কথা হয়।

বিশ্বব্যাংকের প্রতিনিধিরা বাংলাদেশের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের অভিজ্ঞতা ভাগাভাগি করার আগ্রহ প্রকাশ করেন। একই সাথে, সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা প্রদান এবং সংশ্লিষ্ট খাতে সরকারের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহের কথাও জানান। বিশ্বব্যাংকের প্রতিনিধিদলে জ্যঁ পেম ছাড়াও ছিলেন গেইল এইচ. মার্টিন, ধ্রুব শর্মা, আনিকা রহমান, সৈয়দ রাশেদ, আল-জায়েদ জশ ও শ্রায়না ভট্টাচার্য।