ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভে অংশ নেওয়া কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবসহ অন্যান্য বিরোধী নেতাদের আটক করার কয়েক ঘণ্টা পর মুক্তি দিয়েছে পুলিশ। মঙ্গলবার রাতে আটক সব নেতাদের ছেড়ে দেওয়া হয়।

এর আগে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ধরনায় বসেন রাহুল গান্ধী। সেখানে রাতভর অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিলে দিল্লি পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। রাহুল গান্ধীকে আটকের পর কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী মন্দির মার্গ থানায় যান। পরে ছত্রসাল স্টেডিয়াম থেকে রাহুল গান্ধীকে মুক্তি দেওয়ার পর তিনি থানা ত্যাগ করেন। একই সময়ে প্রিয়াঙ্কা গান্ধী ও অখিলেশ যাদবসহ অন্য বিরোধী নেতাদেরও মুক্তি দেওয়া হয়।

নিট পরীক্ষার প্রশ্নফাঁস এবং দিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভে লাঠিচার্জের মতো বিভিন্ন ইস্যুতে কংগ্রেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করে আসছে।