নৈতিক স্খলনের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ থাকা নিয়ে আইনি ব্যাখ্যা দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট শিশির মনির। বুধবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ বিষয়ে নিজের মতামত তুলে ধরেন।

ফেসবুক স্ট্যাটাসে শিশির মনির উল্লেখ করেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদে ‘পদত্যাগ’ সংক্রান্ত বিধান রয়েছে, কিন্তু গাজী নজরুল ইসলামকে দল থেকে ‘বহিষ্কার’ করা হয়েছে। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী বিষয়টি নির্বাচন কমিশনকে জানানোর প্রক্রিয়া শুরু করেছে এবং এর মূল কারণ হলো ‘নৈতিক স্খলন’। এই পরিস্থিতিতে সংসদ সদস্য হিসেবে তিনি বহাল থাকতে পারবেন কি না, এমন প্রশ্নের জবাবে আইনজীবী শিশির মনির তার ব্যক্তিগত মতামত ব্যক্ত করে বলেন, ‘আমার মতে না’ (অর্থাৎ তিনি থাকতে পারবেন না)।

উল্লেখ্য, গত সোমবার রাত থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর ফলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এই ঘটনার প্রেক্ষিতে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।