খুলনার বটিয়াঘাটা উপজেলায় একটি পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাতপরিচয়ধারী এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার জলমা ইউনিয়নের তেঁতুলতলা এলাকায় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, তেঁতুলতলা এলাকার এক গৃহবধূ হারিয়ে যাওয়া হাঁস খুঁজতে গিয়ে একটি পরিত্যক্ত টিনের বেড়াঘেরা ঘর থেকে দুর্গন্ধ পান। পরে ঘরের ভেতরে উঁকি দিয়ে রক্তাক্ত অবস্থায় এক যুবকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজনকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহত যুবকের পরনে কালো রঙের অর্ধহাতা গেঞ্জি ও কালো জিন্সের প্যান্ট ছিল। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা করে।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্তের কাজ চলছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।