ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এক ব্যতিক্রমী উদ্যোগ দেখা গেছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয়টিতে আকস্মিক পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ। সেখানে তিনি নিজেই অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে প্রবেশ করে বাংলা বিষয়ের ওপর পাঠদান করেন।
প্রায় ২০ মিনিটের এই ক্লাসে ইউএনও অত্যন্ত সহজ ও প্রাণবন্তভাবে শিক্ষার্থীদের সামনে পাঠ্যবইয়ের বিভিন্ন বিষয় তুলে ধরেন। পাঠদান শেষে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি। এ সময় তাদের পড়াশোনা, ভবিষ্যৎ পরিকল্পনা ও স্বপ্নের খোঁজখবর নেন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, সাফল্যের মূল চাবিকাঠি হলো নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস। একই সঙ্গে তিনি তাদের বড় স্বপ্ন দেখার এবং তা অর্জনে কঠোর পরিশ্রম করার আহ্বান জানান।
ইউএনও-র এমন উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করেছে শিক্ষার্থীরা। অষ্টম শ্রেণির শিক্ষার্থী মেহরাব হোসেন সৌরব তার অনুভূতি প্রকাশ করে বলে, নিয়মিত শিক্ষক-শিক্ষিকাদের বাইরে প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা তাদের ক্লাস নেবেন, তা তারা ভাবতেও পারেনি। ইউএনও ম্যাডাম খুবই সহজভাবে পড়া বুঝিয়ে দিয়েছেন বলে জানায় সে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা বলেন, প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা এভাবে সরাসরি শ্রেণিকক্ষে এসে ক্লাস নেওয়ায় শিক্ষার্থীরা দারুণভাবে অনুপ্রাণিত হয়েছে। এর ফলে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। স্থানীয় অভিভাবক ও সচেতন নাগরিকেরাও এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং মনে করছেন এটি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশের উন্নয়নে সাহায্য করবে।
এই ব্যতিক্রমী উদ্যোগের বিষয়ে ইউএনও রেজওয়ানা নাহিদ জানান, প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত পরিবেশে প্রকৃত শিক্ষা নিশ্চিত করাই প্রশাসনের লক্ষ্য। তিনি আরও জানান, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ ধরনের নিয়মিত পরিদর্শন এবং শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।