চাঁদপুরের মতলব উত্তরে শিশু ধর্ষণের দায়ে অরুণ ভূঁইয়া নামে এক বৃদ্ধকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২২ জুলাই) দুপুরে চাঁদপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. রেজাউল করিম এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত অরুণ ভূঁইয়া উপজেলার গজরা এলাকার বাসিন্দা। কারাদণ্ডের পাশাপাশি আদালত তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২১ সালের ৯ জুলাই সকালে শিশুটি তার ভাইয়ের সঙ্গে বাড়ির পাশের একটি জমিতে বীজ পাহারা দিতে গিয়েছিল। ওই সময় শিশুটির বাবা-মা চিকিৎসার প্রয়োজনে ঢাকায় ছিলেন। সুযোগ বুঝে অরুণ ভূঁইয়া শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করেন। পরবর্তীতে বাড়িতে ফিরে শিশুটি বিষয়টি জানালে ১৪ জুলাই তার বাবা বাদী হয়ে মতলব উত্তর থানায় মামলা দায়ের করেন।
মামলার তৎকালীন তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. মোবারক আলী ১৫ জুলাই আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেন। দীর্ঘ তদন্ত শেষে ওই বছরের ২০ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) শিরিন সুলতানা মুক্তা জানান, বিচার চলাকালে আদালত ৬ জনের সাক্ষ্য গ্রহণ ও আসামির স্বীকারোক্তি পর্যালোচনা করে এই রায় প্রদান করেছেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।