ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৯৩ ডলার বা ২ শতাংশ বেড়ে ৯৬ ডলারে পৌঁছেছে। গত ৮ জুনের পর এটিই তেলের সর্বোচ্চ দাম।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এর আগে লেনদেনের এক পর্যায়ে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ ডলারের বেশি বেড়ে ৯৪ দশমিক ০৭ ডলারে উঠেছিল।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও পাল্লা দিয়ে বেড়েছে। বৃহস্পতিবার ডব্লিউটিআইয়ের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৪৪ ডলার বা ১ দশমিক ৭ শতাংশ বেড়ে ৮৮ দশমিক ২৭ ডলারে লেনদেন হয়েছে। এর আগে একই সময়ে ডব্লিউটিআইয়ের দাম প্রায় ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।