রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র চিবুকে কসমেটিক সার্জারি বা চিন হারমোনাইজেশন করিয়েছেন। বিশ্বকাপ অভিযান শেষে ব্রাজিলের কেন্দ্রীয় অঞ্চলের গোইয়ানিয়ায় তিনি এই সৌন্দর্যবর্ধক অস্ত্রোপচার সম্পন্ন করেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

সার্জারির পর ভিনিসিয়াস প্রথমবারের মতো জনসমক্ষে এসেছেন। এ সময় তাকে তার অন-অফ সম্পর্কের প্রেমিকা ও ইনফ্লুয়েন্সার ভার্জিনিয়া ফনসেকারের নতুন জিমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায়। একটি বৃটিশ ট্যাবলয়েড পত্রিকার তথ্যমতে, ওই অনুষ্ঠানে তাদের দু’জনকে ঘনিষ্ঠ মুহূর্তে এবং চুম্বনরত অবস্থায় দেখা গেছে। ভার্জিনিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নতুন জিম ‘ওয়েজিম-ব্রা’ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং সবাইকে সেখানে অনুশীলনের আমন্ত্রণ জানিয়েছেন।

চর্মরোগ বিশেষজ্ঞ ড. আলেসান্দ্রো আলারকাও-এর সঙ্গে তোলা ছবিতে ভিনিসিয়াসের চিবুক আগের চেয়ে অনেক বেশি সুগঠিত ও স্পষ্ট দেখা যাচ্ছে। বৃটেনে এ ধরনের চিকিৎসার ব্যয় সাধারণত ৩ হাজার থেকে ১৪ হাজার পাউন্ডের বেশি হয়ে থাকে।

বিশ্বকাপ শুরুর আগে ভার্জিনিয়া তাদের বিচ্ছেদের ঘোষণা দিলেও, বর্তমানের এই উপস্থিতি তাদের সম্পর্ক আবারও জোড়া লাগার বিষয়টি নিশ্চিত করেছে। চলতি মাসেই একটি বিলাসবহুল প্রমোদতরীতে তাদের একসঙ্গে কাটানো সময়ের ছবি প্রকাশের পর থেকেই বিষয়টি স্পষ্ট হতে শুরু করেছিল। এর আগে বিশ্বকাপ থেকে বিদায়ের পর বিকিনি পরা ভার্জিনিয়াকে ভিনিসিয়াসের কোলে বসে থাকা অবস্থায় দেখা গেলে ব্রাজিলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছিল।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে ভিনিসিয়াস চারটি গোল করলেও নকআউট পর্বে গোল করতে ব্যর্থ হন। শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে ব্রাজিলের বিদায়ের ম্যাচে পেনাল্টি নেয়ার দায়িত্ব না নেয়ায় এবং ব্রুনো গিমারায়েসের পেনাল্টি মিসের প্রেক্ষাপটে তিনি তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন। কার্লো আনচেলত্তির দলের খেলোয়াড়দের মধ্যে মাত্র একজন সমর্থক ও সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ায় দেশটির ফুটবল মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছিল।

ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পর ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড চিবুকের সৌন্দর্যবর্ধক অস্ত্রোপচার (চিন হারমোনাইজেশন) করিয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।

২০২৫ সালে প্রথমবার তাদের সম্পর্কের গুঞ্জন ছড়ানোর পর থেকে তারা অন-অফ সম্পর্কে ছিলেন।