মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের ১০ তলা বিশিষ্ট ভবনের একটি লিফটে আটকে পড়েছিলেন এক মা ও তার দুই বছর বয়সী শিশুকন্যা। বুধবার দুপুর সোয়া ২টার দিকে এই ঘটনার খবর পাওয়ার পরপরই মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার সাথে সাথে ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তাঁর নেতৃত্বে পরিচালিত এই উদ্ধার অভিযানে অল্প সময়ের মধ্যেই লিফটের দরজা খুলে মা ও শিশুকন্যাকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ওই মায়ের নাম লামিয়া আক্তার মিম (২৪) এবং তার শিশুকন্যার নাম মরিয়ম হাসনাইন আরিফা (২)। লামিয়া আক্তার মিম সরকারি হরগঙ্গা কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। ক্লাস শেষে শিশুকন্যাকে নিয়ে লিফটে করে নিচে নামার সময় যান্ত্রিক ত্রুটির কারণে তারা লিফটের ভেতরে আটকা পড়েছিলেন।